images

জাতীয়

আইপিএলের সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০১:১৭ পিএম

আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। 

জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টা হচ্ছে যে— খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু, দুর্ভাগ্যবশত খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—যেকোনো দুটি দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এ রকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ—এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও—বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা, এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা (মুস্তাফিজকে বাদ দেওয়া) করা হয়েছে।

আরও পড়ুন
tasnim-zara

এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে, তাকে রাজনৈতিক যুক্তিতে...যেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে, ওকে নেওয়া হবে না। তো এ রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।

রিজওয়ান হাসান বলেন, সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এটি করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করবো।

আরটিভি/এসএইচএম