images

জাতীয়

‘আগামী ৫ বছর কে দেশ চালাবে জনগণই সিদ্ধান্ত নেবে’

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৬ পিএম

প্রজাতন্ত্রের মালিক জনগণ, এই জনগণের হাতেই সকল ক্ষমতা জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ৫ বছর কে দেশ চালাবে জনগণই সিদ্ধান্ত নেবে। 

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (৫ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেনো না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর।

আলী ইমাম মজুমদার বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং একইসঙ্গে গণভোটেও অংশ নেবেন।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০ থেকে ৩৫ তাদের অনেকেই ভোটই দিতে পারেনি। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। 

এই বন্ধ্যাত্ব ঘোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।

আরটিভি/আরএ