মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৬:২৪ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর শঙ্কা থাকলেও কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না। উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচারণা চলছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্বে থাকা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসাররা কোনো পক্ষ নিতে পারবেন না। তারা কেবল জনগণকে উদ্বুদ্ধ করবেন। তবে সরকারি কর্মকর্তারা যদি অন্য কোনো প্রচারণায় অংশ নেন, সে বিষয়ে আমি মন্তব্য করব না। তবে কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী মাঠে প্রার্থীদের ওপর হামলা ও শঙ্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন কোনো শঙ্কা দেখছে না। বিভিন্ন মাধ্যমে আমরা যে খবর পাচ্ছি এবং মাঠপর্যায়ে পরিদর্শন করে যা দেখছি, তাতে পরিবেশ সন্তোষজনক। ছোট-বড় সব দল আমাদের কাছে আসছে, আমরা তাদের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার এমনকি বিএনসিসিকেও যুক্ত করা হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালত ব্যাপক তৎপরতা চালিয়েছে। ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মামলা দায়ের হয়েছে ৯৪টি এবং মোট জরিমানা হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, এবার প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন, যার ফলে মাঠের পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। অতীতে এমনটা দেখা যায়নি।
আরটিভি/এমএইচজে