বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৪ পিএম
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না পাওয়ায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সারা দেশে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা।
কর্মচারী দাবি আদায় আন্দোলনের নেতারা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসে একযোগে কর্মবিরতি পালন করা হয়। আগের কর্মসূচির তুলনায় এদিন কর্মবিরতির সময় বাড়ানো হয়েছে।
এর আগে, গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়াতে বাধ্য হয়েছি।
দাবি আদায়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
আরটিভি/এসকে