images

জাতীয়

তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, হলো যে আলাপ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে অর্জনের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফোনে পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে এ ফোনালাপের কথা জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে শেহবাজ শরিফ বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও জোরালো বিজয়ের জন্য পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।

আরও পড়ুন
tareq

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শেহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এ আলোচনায় দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের জনগণকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

ফোনালাপকালে শেহবাজ শরিফ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন উভয় নেতা।

আরটিভি/এসএইচএম