images

জাতীয় / রাজধানী

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৯ এএম

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

সকালের স্কোর অনুযায়ী ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২৪৩, যা পরিবেশ বিজ্ঞানের ভাষায় ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। কিছু দিন আগে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক কয়েক দিনে দূষণের মাত্রা নতুন করে বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণকারী এই সূচকে আজ শীর্ষস্থানটি দখল করে আছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে ২৪৯ স্কোর নিয়ে দিল্লির বাতাস বিশ্বের সবচেয়ে বিষাক্ত ও দূষিত হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর যার স্কোর ২১৭। 

এ ছাড়া ২০৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ এবং ১৯৫ স্কোর নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল পঞ্চম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুষ্ক মৌসুমে বায়ুদূষণের এমন ভয়াবহ চিত্র নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Web-Image

নওগাঁয় কুকুরের মাংস বিক্রির চেষ্টাকারী কসাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ

বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাধারণ নগরবাসীকেও বাড়ির বাইরের ভারী কাজ বা ব্যায়াম সীমাবদ্ধ রাখার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। 

ঢাকার পানি দূষণ কমাতে সম্প্রতি বিশ্বব্যাংকের পক্ষ থেকে ৩৭ কোটি ডলার সহায়তার আশ্বাস দেওয়া হলেও বায়ুদূষণ রোধে স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। শীতের শেষে ধুলোবালু ও বিভিন্ন নির্মাণকাজের আধিক্য এই দূষণকে আরও উসকে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে