images

জাতীয়

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যেসব বিদেশি অতিথি ছিলেন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার প্রধান ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিশ্ব নেতারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় সমবেত হন।

আরও পড়ুন
3

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে নতুন সরকারকে অভিনন্দন জানান।

নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস মোট ১৪টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। এর মধ্যে ৮টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত হলেও বাকি ছয়টি দেশের— চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া— প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত তাদের স্ব স্ব রাষ্ট্রদূতরা।

আরটিভি/এআর