মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫২ পিএম
দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নতুন সরকারে এক অনন্য ভারসাম্য তৈরি করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়া মন্ত্রিসভায় দেখা গেছে অভিজ্ঞতার ওপর বড় ধরণের নির্ভরতা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে এমন ৯ জনকে বেছে নিয়েছেন, যারা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অভিজ্ঞদের এই দক্ষতাকে পুঁজি করেই নতুনদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা সাজিয়েছেন তিনি।
এই ৯ জন অভিজ্ঞ নেতার মধ্যে ৮ জনই সরাসরি খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। তালিকার শীর্ষে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। চট্টগ্রামের প্রভাবশালী নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০০১ সালে বাণিজ্যমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সরকারে কাজ করেছেন। এছাড়া কক্সবাজারের সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যিনি এবারও তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে পূর্ণমন্ত্রী হয়েছেন।
সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর আগে পানিসম্পদ ও পাটমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার মন্ত্রিসভার অন্যতম শক্তি ছিলেন। সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ টুকু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। একইভাবে চাঁদপুরের আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তৎকালীন জোট সরকারে অত্যন্ত সফল ও আলোচিত ছিলেন। লালমনিরহাটের আসাদুল হাবিব দুলু খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্রশাসনে দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
তালিকায় থাকা অন্য দুই অভিজ্ঞ হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও নিতাই রায় চৌধুরী। কায়কোবাদ এরশাদ সরকারে এবং পরবর্তীতে ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে পুনরায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে, নিতাই রায় চৌধুরী ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারেক রহমান মূলত এই অভিজ্ঞ নেতাদের প্রশাসনিক জ্ঞান ও রাজনৈতিক কৌশলকে কাজে লাগিয়ে নতুন ১৬ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর তারুণ্যদীপ্ত উদ্যমকে সমন্বয় করতে চাইছেন।
আরটিভি/এআর