মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৭ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে বিদেশি প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, যিনি এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ আমন্ত্রণে ঢাকা সফর করছেন। এছাড়াও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।
সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, কানেকটিভিটি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিরা উল্লেখ করেন, বাংলাদেশের শান্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানও আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে তার সরকারের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন।
এর আগে বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ইতিমধ্যে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
আরটিভি/এআর