images

জাতীয়

নকলের মতোই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন: শিক্ষামন্ত্রী

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২৭ পিএম

শিক্ষাঙ্গন থেকে নকলের মতো করেই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং দূর করা হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না।

আরও পড়ুন
health

মানুষ আর ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এসএইচএম