images

জাতীয়

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে যোগ দিইনি: ফয়েজ আহমদ তৈয়্যব

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৫ পিএম

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও তিনি কখনো দায়িত্ব গ্রহণ করেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে তিনি জয়েন করেননি। তিনি লেখেন, হ্যাঁ, আমার নাম প্রস্তাব করা হয়েছিল। তবে জয়েনিং লেটারে স্বাক্ষর করিনি, অফিস করিনি, বোর্ডেও কখনো বসিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি তৎকালীন প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কয়েকজনকে আগেই অবহিত করেছিলেন। এ বিষয়ে তিনি সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সাবেক প্রধান উপদেষ্টাকেও জানিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ বিমানের টিকিটিং সিস্টেমে জালিয়াতি রোধে তিনি তার টিম নিয়ে একটি ছোট টেকনিক্যাল রিপোর্ট প্রস্তুত করেছিলেন। ওই কাজে বিমানের টপ ম্যানেজমেন্ট সন্তুষ্ট হয়ে তার নাম পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে প্রস্তাব করে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ–কে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আরটিভি/এসকে