শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৫৯ পিএম
আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অডিটরিয়ামে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ হবে সুস্বাশনের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশে। তরুণ প্রজন্মের যেমন চাকরির দরকার, বয়স্কদের যেমন সেবা দরকার সকলের কথা মাথায় রেখে কাজ করা হবে। আপনি কোন দল করেন বা বাসায় কি করেন তা দেখা হবে না। সবার জন্য সমান অধিকার। কোনো ধরনের ভয়ভীতি করার অবকাশ থাকবে না। শুধুমাত্র জনগণের কাজ সরকারের কর্মসূচিকে সহায়তা করা। সরকার জনগণের পাশে থাকবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের প্রাণ, দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমি ডাক্তার হতাম না, দেশ স্বাধীন হয়েছে বিধায় আমি ডাক্তার হয়েছি। সেই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি।
ডা. জাহিদ বলেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। সনাতন ধর্ম বা আদিবাসী অথবা ইসলাম ধর্মালম্বীদের সমান অধিকার। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে সেহরি দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে রমজান মাসে বিভিন্ন
নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। যার জন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সেই সাথে ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেন।
আরটিভি/এমএইচজে