সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৭ পিএম
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। তিনি জানান, কিছু পরিবর্তন আসবেই, তবে সময় দিতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন। তিনি বলেন, রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন কমপক্ষে সেশন শুরুর ১৫ দিন আগে হতে হবে। এই প্রক্রিয়া সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে এবং অনুমোদনের পর সেশন শুরু হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, আগামী সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ হবে এবং অন্যান্য বিষয় সংসদের নৈমিত্তিক কার্যক্রম হিসেবে আলোচনা করা হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মোহাম্মদপুরের আদাবরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডগুলোতে আপনারা কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এ রকম একটা সংবাদ আমাদের কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলেছি। যদি সে রকম কিছু হয় আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।
আরটিভি/এসকে