images

জাতীয়

দক্ষ গাড়িচালক তৈরিতে প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার: বিআরটিএ চেয়ারম্যান

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার দক্ষ পেশাদার গাড়িচালক তৈরি করতে প্রশিক্ষণের ওপর এখন আরও বেশি গুরুত্ব দিচ্ছে। গাড়ি চালকদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিআরটিএ অনলাইনে বিভিন্ন সেবাকে আরও স্মার্ট ও গতিশীল করেছে, যাতে সেবাগ্রহীতাদের হয়রানি কমে। এখন এসব সেবা সম্পর্কে সবাইকে জানতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় বিআরটিএ মিরপুর কার্যালয়ের (ঢাকা মেট্রো সার্কেল-১) অধীনে পরিচালিত পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর প্রশিক্ষণ শাখার পরিচালক (যুগ্মসচিব) মোছাম্মাৎ মমতাজ বেগম।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশ নেন সংস্থার অডিট ও আইন শাখার পরিচালক (যুগ্মসচিব) রুবাইয়াৎ-ই-আশিক। উপস্থিত ছিলেন বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) জিয়াউর রহমান।

গত ২৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তারই অংশই হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে নিকুঞ্জ আবাসিক এলাকার এই কেন্দ্রে পরিচালনা করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে