শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২৯ পিএম
গত ডিসেম্বরে দেশে ফিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। এবার সেই প্ল্যান বাস্তবায়নে তারেক রহমান ঝাঁপিয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধ্বস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়।
‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করব।’
বিএনপির সঙ্গে সম্পর্কের কথা টেনে উপদেষ্টা বলেন, বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে।
‘যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
তিনি আরও বলেন, একটা উদার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ-জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ব। আমরা সবাই মিলে একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলব। যে ইশতিহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এখন শুধু বিএনপি নয়, সবদল একত্রিত হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবো, এটিই আমাদের লক্ষ্য।
মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন।
এদিন লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।
আরটিভি/এসআর