শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩১ পিএম
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাহরাইনে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা জারি করেছে দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বার্তায় বাহরাইনের মানামাতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, সি.পি.আর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখার অনুরোধ জানানো হয়।
বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা এবং বিশেষ পরামর্শগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে। বাহরাইনের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।
বার্তায় আরও বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর : +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ই-মেইল: mission.manama@mofa.gov.bd -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আরটিভি/এমআই