সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০১:৫৫ পিএম
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া হাদি হত্যা মামলার দুই অভিযুক্তের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন জানায়, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার সহযোগী আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তারের তথ্য কলকাতা পুলিশ উপ-হাইকমিশনকে অবহিত করেছে। এরপর ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের সঙ্গে সাক্ষাতের জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঢাকায় নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম গ্রেপ্তার দুই বাংলাদেশিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে উপ-হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রেখেছে।
এর আগে ৭ ও ৮ মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে। পরে রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শহীদ শরীফ ওসমান বিন হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, কোনো দেশের নাগরিক বিদেশে গ্রেপ্তার বা আটক হলে তার দেশের দূতাবাস বা কনস্যুলেটের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করতে পারেন এই অধিকারকে কনস্যুলার অ্যাক্সেস বলা হয়। আন্তর্জাতিক আইনে ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশন্সের মাধ্যমে এ অধিকার স্বীকৃত।
আরটিভি/এসকে