বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১১:৪৮ এএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
একটি উদার ও সহনশীল সমাজ গড়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে নারীরা কোনো ভয় বা বাধা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন।
নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের কর্মক্ষেত্রে পুরোপুরি সম্পৃক্ত করতে হলে একটি নিরাপদ ও সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
নিজের নির্বাচনী এলাকার একটি সফল উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারী পোশাক শ্রমিকদের সন্তানদের জন্য সেখানে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। এর ফলে মায়েরা তাদের সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে সময় দিতে পারছেন। এই সুবিধাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো পোশাক কারখানার মালিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই একটি ‘১৮০ দিনের কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে যাচ্ছেন। এই বিশেষ পরিকল্পনায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা।
অনুষ্ঠানে বিভাগের কর্মসূচি সমন্বয়কারী অধ্যাপক ড. তানিয়া হক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।