শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১১:২৪ পিএম
ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে গণপরিবহনের চালক ও শ্রমিকদের নিয়ে ডিএমপি ও মালিক সমিতির উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ ঘোষণা দেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার গাড়িচালকদের উদ্দেশে বলেন, যাত্রার সূচি বজায় রাখতে হবে। না রাখা গেলে যাত্রীসাধারণকে জানিয়ে দিতে হবে কখন বাস আসবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মোতায়েন আছে।
যাত্রীদের হয়রানি করবেন না। এক আসন একাধিক মানুষের কাছে বিক্রি করা যাবে না। বাসের আসন ব্যতীত ছাদে ও বাসে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। গতিসীমা মেনে চলতে হবে। ওভারটেকিং করা যাবে না। যেখানে বাঁক বা সেতু আছে সেখানে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুম ঘুম ভাব ও অসুস্থতা নিয়ে গাড়ি চালাবেন না। পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা যাবে না। উচ্চস্বরে গান বাজানো যাবে না। কালো ধোঁয়া নির্গত গাড়ি রাস্তায় নামানো যাবে না, যোগ করেন তিনি।
মো. সরওয়ার চালকদের উদ্দেশে আরও বলেন, খেয়াল রাখতে হবে বাস যাতে রাস্তায় নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু আমাদের সবার ক্ষতি। আমরা ট্রাফিক পুলিশ দেখবো ও অ্যাকশন নেবো যেসব বাস ট্রাফিক তৈরি করে (তা নিয়ে)। অন্যান্য বিষয়, যেমন ফিটনেস নেই, নম্বর প্লেট নেই- এসব সমস্যা আমরা ঈদের সময় দেখবো না। ঈদের সময় দেখবো যাতে ট্রাফিক জ্যাম না করে। জ্যাম করলে কঠোর ব্যবস্থা নেবো।
তিনি পরিবহন শ্রমিকদের অনুরোধ করে বলেন, যারা বিভিন্ন রকম ছোট ছোট অপরাধ করেন, ছিনতাইকারী-মলম পার্টি, এদের ধরাতে আপনারা সহযোগিতা করুন। কারণ আপনারা চিনবেন কারা যাত্রী, আর কারা ছিনতাইকারী, মলম পার্টি বা বিভিন্ন ধরনের অপরাধকারী। এদের আপনারা পুলিশের কাছে ধরিয়ে দেবেন। ব্যাপকসংখ্যক পুলিশ থাকবে। আমরা আপনাদের ধরানোর জন্য পুরস্কার দেব। আর যদি ধরিয়ে দিতে ঝুঁকি মনে হয়, আপনি পুলিশকে গোপনে দেখিয়ে দেবেন। হাতেনাতে ধরতে পারলে ভালো, তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না। পুলিশ বাকি ব্যবস্থা নেবে।
এসময় যে কোনো ধরনের সমস্যা পুলিশ জানানোর অনুরোধও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
আরটিভি/এমএ