শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৭:৫৪ পিএম
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (১৪ মার্চ) সকালে তার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তার ওপর নজর রাখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) দুই দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যেই শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই মির্জা আব্বাসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে প্রথম দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শেষে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার ছাড়াও অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
আরটিভি/এসএইচএম