শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৯:০৩ পিএম
ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে দেশে না থাকে, সেজন্য কাজ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে দেশে না থাকে, সেজন্য কাজ করছি। প্রধানমন্ত্রী নিদের্শনা দিয়েছেন, পুলিশ হবে সৎ ও মানবিক এবং জনগণের বন্ধু।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
বক্তব্যকালে পুলিশের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ, হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়, যেন শিশু চুরি না হয়। আবার কবর দিতে গেলেও কঙ্কাল চুরি ঠেকাতে পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। আপনারা পুলিশকে সহযোগিতা করেন।
এরপর ঈদ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এ দুটি দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক হওয়ায় বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে চেকপোস্ট। জোরদার করা হবে টহল।
প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদক মুক্ত করতে হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।
আরটিভি/এসএইচএম