সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৫:৫৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ইয়েস গ্রুপের সহ-দলনেতা শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। একইসঙ্গে এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ মার্চ) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাভারের ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন জাবির লোকপ্রশাসন বিভাগের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শারমিন। মর্মান্তিক এ ঘটনায় জাবির ইয়েস গ্রুপের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন হত্যাকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করা অত্যন্ত জরুরি বলে মনে করে টিআইবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, দ্রুততার সঙ্গে ঘটনাটির সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, শারমিন জাহান খাদিজা গত বছরের ৮ ডিসেম্বর টিআইবির অনুপ্রেরণায় গঠিত জাবি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরে চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি এই গ্রুপের সহ-দলনেতা (নারী) নির্বাচিত হন। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টিআইবি পরিবার।
আরটিভি/এমএ