images

জাতীয়

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ০৫:০৪ পিএম

দুর্নীতি দমনে দেশজুড়ে সাঁড়াশি অভিযান ও আইনি তৎপরতা জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে সংস্থাটি। বিভিন্ন আদালতের আদেশের প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে জানানো হয়েছে, জব্দকৃত সম্পদের মোট মূল্য ১৪২ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪১০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা।

আরও পড়ুন
tareq-rahman

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে আদালতের ২৯টি আদেশের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ চালানো হয়। এর মধ্যে ২০টি আদেশের অধীনে ক্রোক করা স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি বহুতল ভবন এবং ২৮টি ফ্ল্যাট। এছাড়া ১২টি প্লট, একটি বাড়ি, দুটি টিনসেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল এবং দুটি দোকানও এই তালিকায় স্থান পেয়েছে।

জব্দকৃত অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ছয়টি বিলাসবহুল গাড়ি। সংস্থাটি জানিয়েছে, এই সম্পদগুলোর মোট বাজারমূল্য অনেক বেশি হলেও প্রদত্ত মূল্যের ভিত্তিতে এর পরিমাণ ধরা হয়েছে প্রায় ২ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭৯২ টাকা। এসব সম্পদ এখন সরকারের জিম্মায় থাকবে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মালিকরা এগুলো ব্যবহার বা হস্তান্তর করতে পারবেন না।

স্থাবর সম্পদের পাশাপাশি আর্থিকখাতেও বড় ধরনের অবরোধ (ফ্রিজ) আরোপ করেছে দুদক। আদালতের ১৫টি আদেশে মোট ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে প্রায় ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৫ টাকা স্থিতি রয়েছে। এছাড়া বিভিন্ন বিনিয়োগ, সঞ্চয়পত্র, পে-অর্ডার, শেয়ার বাজারভুক্ত শেয়ার, এফডিআর, বিও হিসাব, প্রাইজবন্ড ও বীমা পলিসিসহ বিভিন্ন আর্থিক উপকরণও এই অবরোধের আওতায় এসেছে।

বিশেষ এই অভিযানে একাধিক ক্রেডিট কার্ড, এসএনডি ও সিডি হিসাব এবং একটি ফেসবুক অ্যাকাউন্টও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের কর্মকর্তারা মনে করছেন, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পাচার বা আড়াল করার চেষ্টা রোধে এই ফেসবুক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার বিষয়টি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে আগামী মাসগুলোতেও এই কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

আরটিভি/এআর