মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ১০:০২ পিএম
দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো সংবেদনশীল মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী আইন, স্বরাষ্ট্র ও বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ভুক্তভোগী নারীরা যেন দীর্ঘসূত্রতার শিকার না হন, সেটি নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য।
এদিন অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নাসিমুল গনি জানান, এর মধ্যে অন্যতম ছিল চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা প্রয়োজনীয় পরিবর্তনের অনুমোদন। মন্ত্রিসভা এই পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে, যা শীঘ্রই জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
আরটিভি/এআর