images

জাতীয়

ঈদে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০৬:৫৪ পিএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিউটি রোস্টার হালনাগাদ করা এবং ছুটির দিনগুলোতে জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা পৃথক দুটি নির্দেশনায় এই আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নাম, পদবি এবং মোবাইল নম্বরসহ বিস্তারিত ডিউটি রোস্টার সর্বদা হালনাগাদ রাখতে হবে। এই রোস্টার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হতে হবে এবং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া এতে কোনো পরিবর্তন আনা যাবে না। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত এই চিঠিতে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাধারণ মানুষের সহজে চোখে পড়ে এমন স্থানে ডিউটি রোস্টার টানিয়ে রাখতে হবে। এর একটি অনুলিপি প্রতিষ্ঠানের প্রধানের কাছে সংরক্ষিত থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সমতা ও নিয়মিততা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনোভাবেই যেন সেবার মান ব্যাহত না হয়।

আরও পড়ুন
usa

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা 

এছাড়া রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জারি করা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘ ছুটিতেও হাসপাতালগুলোতে জরুরি বিভাগ ও আন্তঃবিভাগীয় সেবা পূর্ণমাত্রায় চালু রাখতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ চিকিৎসক ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকলে সংশ্লিষ্ট কর্মীদের ছুটি বাতিল করার ক্ষমতাও দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।

নির্দেশনায় হাসপাতালের শয্যা, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, আইসিইউ, প্যাথলজি ল্যাব, ব্লাড ব্যাংক এবং সিটি স্ক্যান ও এমআরআই-এর মতো উচ্চ প্রযুক্তির সব জরুরি সেবা সার্বক্ষণিক সচল রাখার কথা বলা হয়েছে। ছুটির সময়ে যন্ত্রপাতির কোনো ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামতের জন্য টেকনিশিয়ানদের স্ট্যান্ডবাই রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা এবং পর্যাপ্ত জীবনরক্ষাকারী ওষুধ ও সরঞ্জামের মজুত নিশ্চিত করতে বলা হয়েছে।

আরটিভি/এআর