শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৯:৪৫ পিএম
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৪ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের আজ সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা যায়।
কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক দলের সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র: বাসস
আরটিভি/এমএ