images

জাতীয়

করোনার টিকা কেনায় অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪৩ পিএম

করোনা মহামারির সময় টিকা কেনাকাটায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে ফেনী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিনের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় জয়নাল আবদিন জানতে চান, কোভিড মহামারির সময় সরকার টিকাসহ বিভিন্ন করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় কত টাকা বরাদ্দ ও ব্যয় করেছে এবং টিকা আমদানিতে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। যদি কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া যায়, তবে তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোভিড-১৯ টিকা সংগ্রহের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।

মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি আর কেনাকাটার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে টিকা কিনতে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ কেনায় ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। টিকা ও সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে খরচ হয়েছে আরও ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা। সিরিঞ্জ পরিবহন খাতে ব্যয় হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

আরও পড়ুন
Web-Image---Copy

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

নওগাঁ-৪ আসন থেকে নির্বাচিত সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সারা দেশে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল নিয়োগে সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) এবং ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস ডাক্তার) নিয়োগ দেওয়া হয়েছিল।

আরটিভি/এমএইচজে