images

জাতীয়

এমপিদের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৪:৫৬ পিএম

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। 

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে এই সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানা সংসদে হামে আক্রান্ত রোগীদের একটি ডাটাবেইজ উপস্থাপন করলে সেটির প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের রোগীদের ভয় দেখানো উচিত নয়, এতে আতঙ্ক সৃষ্টি হতে পারে। 

স্বাস্থ্যমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার জবাব দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি তো জানতাম, আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে তো কথা বলছি না। সংসদে যদি স্বার্থের প্রশ্নে বলতে না পারি…’

এর আগে, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তুলে ধরে বলেন, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনে ৯৮ জন শিশুর সন্দেহজনকভাবে হামে মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে চারজন এবং নিশ্চিতভাবে দুজনের মৃত্যু হয়েছে। তবে গত দুই সপ্তাহে বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী একটি জাতীয় দৈনিক ৬১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তার দাবি, দেশে আগে হামে মৃত্যুহার ছিল প্রতি ১০ লাখে ১ শতাংশ, যা এখন বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন
Rajshahi_Medical_College_Hospital

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, ‘এই সংসদে যারা আছেন, আপনারা সবাই কোনও না কোনও সন্তানের পিতা। সন্তানের লাশ কাঁধে নেওয়ার চেয়ে ভারী কিছু নেই। আমরা যে পরিসংখ্যান দিচ্ছি, এর পেছনে আছে একটি মায়ের কান্না, একটি পিতার আর্তনাদ, একটি পরিবারের ভেঙে পড়া।’

রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আল্লাহর রহমতে আমরা সবাই সন্তানের পিতা। আমাদের দরদ আছে। সন্তান হারানোর কষ্ট আমরা বুঝি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে সংসদে কথা বলতে নিষেধ করিনি, শুধু প্যানিক সৃষ্টি না করার কথা বলেছি। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আশা করি, সম্মানিত সংসদ সদস্য ভবিষ্যতে আমাদের গঠনমূলকভাবে সহযোগিতা করবেন।’

আরটিভি/এসএইচএম