বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৬:৪৮ পিএম
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, অভিযোগ অনুযায়ী, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে বলে তিনি জানান।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে এক ব্রিফিংয়ে চিফ হুইপ সাংবাদিকদের এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমাদের রাজনৈতিক দর্শন, প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পাবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পূরণ সাপেক্ষে, সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতার ভিত্তিতে এবং গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরটিভি/এসএস