বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১০:১৭ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য প্রথম রাষ্ট্রীয় সফরের সময়সূচি এবং তিনি কোন দেশে প্রথমে সফরে যাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বুধবার (৮ এপ্রিল) রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন। এমন তথ্যের কোনো ভিত্তি নেই উল্লেখ করে আতিকুর রহমান রুমন বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র।
বিবৃতিতে আরও জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। বিশেষ করে ‘প্রথমেই ভারত সফর’ সংক্রান্ত তথ্যটি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। অতিরিক্ত প্রেস সচিব সংশ্লিষ্ট সকলকে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা যথা সময়ে সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে। সরকারি ঘোষণার আগে কোনো কাল্পনিক সফরসূচি বা দেশ নির্বাচনের তথ্য বিশ্বাস না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এআর