শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৫:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে মজার কাণ্ড ঘটালেন চিফ হুইপ নূরুল ইসলাম। বিরতিতে দুপুরে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন তিনি। এমন সময় সংসদ সদস্যরা খাবারের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে আনা হয়েছে এবং আরও দুটি হাঙর আসবে'। এতে অধিবেশনে হাসির রোল পড়ে যায়।
শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ জুমার নামাজের পর সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন।
চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’
এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ। তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।
আরটিভি/এসএস