সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৫:২৪ পিএম
ছেলে-মেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয় বরং এটি শিক্ষকদের দুর্বলতা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিস্ট্রশন সিস্টেম নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।
তিনি আরও বলেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ইতোমধ্যে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব পুরনো শিক্ষামন্ত্রীর নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি। বিশেষ করে শিক্ষকদের ওপর।
তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে আমাকে নিয়ে বিরোধীদলের এমপিরা প্রশ্ন করুন। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুন আমাকে। কেননা অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।
মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক প্রমুখ।
আরটিভি/এসআর