রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৩:৫০ পিএম
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ধারাকে বেগবান করার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও মেধা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন না বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন। প্রবাসীদের শ্রম ও মেধা বাংলাদেশের উন্নয়নের পথে এক বড় শক্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রবাসীদের বিনিয়োগ ও অভিজ্ঞতাকে দেশের বিভিন্ন খাতে কাজে লাগানো। বিশেষ করে প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এসময় ইংল্যান্ডের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশের নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশের নারীরা আজ বিশ্বের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আগামী দিনগুলোতে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে তিনি গর্ববোধ করেন এবং তাদের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে পারস্পরিক আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী এবং ব্রিটিশ কাউন্সিলর।
আরটিভি/এআর