images

জাতীয়

‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তেজনা, হইচই

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১০:৫৯ পিএম

জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞার বক্তব্য ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি বিরোধী দলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করলে অধিবেশনে ব্যাপক হট্টগোলের সূত্রপাত হয়। এক পর্যায়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলে টেবিল চাপড়াতে শুরু করেন। পুরো সংসদ ভবনে এক অস্থির পরিবেশ তৈরি হয়। স্পিকার বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।

বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে ওয়াদুদ ভুঞা বলেন, চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, লিখেছে গুপ্ত। তিনি এটাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেন। বিরোধী দল তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন
fvgvev

প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

আব্দুল ওয়াদুদ ভুঁঞা আরও বলেন, আজকে বাংলাদেশ একটি শান্তির, উন্নয়নের, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে, আমাদের এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে যে চক্রান্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠ বাংলাদেশে মেনে নেওয়া যায় না।

বিরোধী দলকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না। তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালের জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না। এ সময় জামায়াত জোটের সংসদ সদস্যরা হৈ চৈ করতে থাকেন।

আরটিভি/এআর