সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪৪ পিএম
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, আগামী ১২ মাসের মধ্যে অপারেশনাল কার্যক্রমে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ১৬ ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে।
তিনি বলেন, কাজের মান নিয়ে এখনও বড় ধরনের কোন প্রশ্ন দেখছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই জুন ২০২৭ পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ করে যাবে। মেশিনারিজের সমস্যা হবে না।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, চলতি বছরের জুন থেকে থার্ড টার্মিনালের ঋণ পরিশোধের প্রথম কিস্তি দেয়া শুরু হবে। ২০৫৬ সাল পর্যন্ত চলবে। প্রতিবছর ৮০০-৮৫০ কোটি টাকা হতে পারে।
২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।
২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু তা আর হয়নি।
অন্তর্বর্তী সরকারও দফায় দফায় চেষ্টা করেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল চালু হয়নি। মূলত ‘গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপারেশনের বিষয়ে’ সিদ্ধান্তে না পৌঁছাতে পারা এবং টার্মিনাল ভবনের ভেতরে কিছু কাজের কারিগরি ত্রুটির জন্যই এই টার্মিনাল চালু করা সম্ভব হয়নি।
আরটিভি/এসএস