images

জাতীয়

সিলেটের পথে প্রধানমন্ত্রী

শনিবার, ০২ মে ২০২৬ , ১০:০৫ এএম

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।

তিনি জানান, সকাল ১০টায় সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন।

তিনি আরও জানান, বেলা ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। এরপর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন সরকারপ্রধান। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

তিনি আরও বলেন, বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।

আরটিভি/টিআর