images

জাতীয়

ঈদযাত্রায় কোনদিন মিলবে কোন তারিখের ট্রেনের টিকিট

বুধবার, ০৬ মে ২০২৬ , ১০:৪৬ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট একবারে কিনতে পারবেন। তবে ঈদের টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া হবে না।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে।
 
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওইদিন ৩১ মের ফিরতি টিকিট বিক্রি হবে। এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ মে একাধারে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

পশ্চিমাঞ্চল (রাজশাহী, রংপুর, খুলনা): সকাল ৮টা, পূর্বাঞ্চল (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ): দুপুর ২টা বিশেষ ব্যবস্থা।

ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’।

এছাড়া ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে কোরবানির পশু পরিবহনের জন্য।

আরও পড়ুন
Web-Image

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে

রেলওয়ে আরও জানিয়েছে, যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে। তবে এসব টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামাল দিতে ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহ পর্যন্তও বিশেষ ট্রেন চলবে।

আরটিভি/এসকে