images

জাতীয় / অর্থনীতি

আবারও বাড়তে পারে বিদ্যুতের দাম

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৭:৩৮ পিএম

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ঘাটতির লোকসান কমাতে বিদ্যুতের দাম ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ সংস্থাটি।

বুধবার (৬ মে) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সদস্য জানান, পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবি পাঠিয়েছে। কারিগরি কমিটি এই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে শেষবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ দাম বেড়েছিল। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৬ দশমিক ৭০ টাকা থেকে ৩৪ পয়সা বেড়ে ৭ দশমিক ০৪ টাকা হয়েছিল।

আরও পড়ুন
pay_scale_20260504_105009384_20260505_121213610

নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে?

নতুন এই প্রস্তাবে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়লে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা যোগ হবে।

গত ৯ এপ্রিল বিদ্যুতের দাম পর্যালোচনা করে মূল্যবৃদ্ধির সুপারিশ করতে ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

পিডিবির প্রস্তাব অনুযায়ী, বর্তমানে পাইকারি ট্যারিফ ইউনিট-প্রতি ৫০ পয়সা বাড়ালে সরকারের ভর্তুকি ৫ হাজার ২৪৪ কোটি ৫৮ লাখ টাকা কমবে। পাশাপাশি ১ টাকা বাড়ালে ১০ হাজার ৪৮৯ কোটি ১৬ লাখ টাকা এবং ১ টাকা ২০ পয়সা বাড়ালে ভর্তুকি কমতে পারে ১২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা।
আরটিভি/কেডি