শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৯:৪৮ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, খেলাধুলার মাধ্যমে ক্রীড়াবিদরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
শুক্রবার (৮ মে) বিকালে টাঙ্গাইলে অবস্থিত শহিদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি ফাইনাল ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্যরা ।
খেলায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল সদর দল এবং ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল পৌরসভা দল।
আরটিভি/কেডি