বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:৪০ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২৩ মে থেকে এই বিশেষ বাস সার্ভিস কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৮ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের পৌঁছে দিতে বিআরটিসি বদ্ধপরিকর।
বিআরটিসি জানিয়েছে, আগামী ১৭ মে থেকে এসব স্পেশাল বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগ্রহী যাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে বিআরটিসির এই বিশেষ সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
প্রতি বছরই ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নামে। এবারও সেই চাপ সামলাতে ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি তাদের নিজস্ব বহরের বাস দিয়ে এই বিশেষ সার্ভিস পরিচালনা করবে। ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী এসব বাসে টিকিট বুকিং ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপো বা কাউন্টার থেকে জানা যাবে।
আরটিভি/এআর