images

জাতীয়

এবার আসছে প্রবাসী কার্ড, সবার আগে পাবেন কারা

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০২:৫১ পিএম

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার সরকার চালু করতে যাচ্ছে প্রবাসী কার্ড। আগামী দুই মাসের মধ্যে প্রবাসী নাগরিকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি জানিয়েছেন, বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ যোগাতেই সরকার এই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে।

যদিও আগে থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড বা বিএমইটি কার্ড চালু রয়েছে। মূলত, বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে নিবন্ধিতরা এই কার্ড পেয়ে থাকেন।

আরও পড়ুন
3

যেসব সুবিধা থাকছে প্রবাসী কার্ডে 

এই কার্ডধারী শ্রমিকের সব তথ্য সরকারি তথ্যভাণ্ডারে জমা থাকে। ফলে কোনো বিপদের সম্মুখীন হলে তাকে সহজেই চিহ্নিত করা যায় এবং তৎক্ষণাৎ সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

তবে বিএমইটি কার্ড থাকার পর নতুন করে চালু হচ্ছে প্রবাসী কার্ড। এই কার্ডে বাড়তি কি সুবিধা থাকবে, এই প্রশ্নও রয়েছে প্রবাসী নাগরিকদের মধ্যে।

এর জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, বিএমইটি কার্ডের সাথে নতুন ব্যাংকিং বা আর্থিক বিষয়টিও যুক্ত করা হবে প্রবাসী কার্ডে। এছাড়া বাড়তি কিছু সুবিধা মিলবে এই কার্ডের মাধ্যমে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, প্রবাসী নাগরিকরা এই কার্ড পাসপোর্টের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবে, যে কোনো সময় যে কেউ তার সম্পর্কে জানতে চাইলে একটা কিউআর কোড থাকবে, যেটি স্ক্যান করলে প্রবাসী নাগরিকদের বিস্তারিত দেখা যাবে এবং এই কার্ড মোবাইলের মাধ্যমেও ব্যবহার করা যাবে, কার্ডধারীকে সাথেও রাখতে হবে না।

আরটিভি/এসআর