images

জাতীয় / দেশজুড়ে

নদী তীরবর্তী মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:১২ পিএম

সরকার নদী তীরবর্তী মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন বরুরিয়া এলাকার নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় সরকার প্রায় ১৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করে আরও প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প নিয়েছে।

তিনি বলেন, বাস্তবায়নাধীন ও নতুন প্রকল্পগুলো সম্পন্ন হলে মানিকগঞ্জের মানুষকে আর নদীভাঙন নিয়ে উৎকণ্ঠা বা অনিশ্চয়তায় থাকতে হবে না। নদী তীরবর্তী মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, পাটুরিয়া ঘাট থেকে হরিরামপুর পর্যন্ত ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব স্থানে জরুরি পদক্ষেপ প্রয়োজন, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামীকাল থেকেই জিও ব্যাগ ফেলে অস্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করা হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

নদীর তীরবর্তী খাস জমিতে সোলার প্রকল্প গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ঢাকার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত চলমান স্থায়ী তীর সংরক্ষণ কাজও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে