সোমবার, ১৮ মে ২০২৬ , ১০:১৭ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসা কেন্দ্র, শাখা বা উপশাখা আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখা হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতায় থাকবেন না।
এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অফিসও এই ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে