images

জাতীয়

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:০৩ এএম

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ গঠনে এই বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের কার্যক্রমও প্রশংসনীয় ছিল বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন
mf

‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল’

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে এবং একটি স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে এই বাহিনী গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, গ্রামীণ পর্যায়ে নিরাপত্তা, উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি অর্থনীতি ও সামাজিক সেবায় আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগ একটি উৎপাদনমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেষে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ গঠনে তাদের অবিচল ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।


আরটিভি/জেএমএ