বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:২১ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী আইন ২০১৮ সালের ২৯ ও ৩১ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন ও বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০ মে) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়া এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিংসহ আশপাশের এলাকায় নতুন করে কোনো ব্যক্তির বসবাস করা যাবে না।
এছাড়া ওইসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ কোনো দ্রব্য বহন এবং ড্রোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আকাশে ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরটিভি/জেএমএ