বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০২:০৭ এএম
ঈদের ৭ দিন অর্থাৎ আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের ৩দিন ও পরবর্তী ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না। তবে পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমুহ এর আওতামুক্ত থাকবে।
পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এমতাবস্থায়, ঈদের ঈদের আগের ৩ দিন ও পরবর্তী ৩ দিন যাতে আপনাদের সমিতিভুক্ত কোনো ট্রাক, কাভার্ডভ্যান ও লরী মহাসড়কে চলাচল না করে এবং পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা না হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখাসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আরটিভি/টিআর