images

জাতীয়

পশ্চিমাঞ্চলে স্পেশালসহ ৯ ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ১০:৫০ এএম

ঈদুল আজহায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করবে একটি স্পেশাল ট্রেন। এ অঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত (কোচ) বগি। স্পেশাল ট্রেনটি ঢাকার জয়দেবপুর থেকে পার্বতীপুরের মধ্যে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

তিনি জানান, ঈদ উপলক্ষে জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে একটি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া ৯টি আন্তঃনগর ট্রেনের প্রতিটিতে একটি শোভন ও একটি এসি—মোট দুটি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে ঈদের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযুক্ত থাকবে। এতে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে নীলফামারী রকেট ও সিরাজগঞ্জ এক্সপ্রেসেও অতিরিক্ত কোচ যুক্ত করা হবে।

আরও পড়ুন
1

ঈদে ট্রেনের টিকিট নিয়ে বড় সুখবর দিলেন রেল প্রতিমন্ত্রী

সূত্র আরও জানায়, ঈদুল আজহার আগে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত অতিরিক্ত শোভন ও এসি বগি সংযুক্ত থাকবে। ঈদ উপলক্ষে রহনপুর-রাজশাহী-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা রুটের সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে।

এছাড়া উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে দ্রুতযান, পঞ্চগড় ও একতা এক্সপ্রেসেও ঈদের আগে ও পরে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে ২৭ মে পঞ্চগড় এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাড়তি কোচ। বাড়তি কোচের জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে পুরাতন কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন রেলওয়েতে যুক্ত হচ্ছে ১২৭টি কোচ। ইতোমধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে একটি স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে পার্বত্যপুরের মধ্যে চলাচল করবে। এছাড়া নয়টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি। ঈদের আগে একটি ও ঈদের পরে দুটি করে বগি যুক্ত করা হবে। এরমধ্যে শোভন, এসি বগি থাকবে।

আরটিভি/এমএম