শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৮:০৪ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন এ বেতন কাঠামোয় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির এক সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।
সূত্র বলছে, নবম পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নির্দেশনা দেওয়া হতে পারে।
সভায় বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে নিচের স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পেতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়া কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্যও সুখবর আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এতে নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন।
সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আরটিভি/এসকে