শনিবার, ২৩ মে ২০২৬ , ০৮:৩৮ এএম
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ফিরতি ট্রেনের টিকিট। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, টিকিট বিক্রির প্রক্রিয়াকে সহজ করতে রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৩১ মে’র ফিরতি টিকিট গত ২১ মে এবং ১ জুনের টিকিট ২২ মে বিক্রি করা হয়েছে। আজ ২ জুনের টিকিট বিক্রির পর আগামীকাল ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের এই বিশেষ সময়ে কেনা অগ্রিম ফিরতি টিকিট যাত্রীরা কোনোভাবেই রেলওয়েকে ফেরত দিতে বা রিফান্ড করতে পারবেন না। এ ছাড়া টিকিট কালোবাজারি রোধে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে নিজের ছাড়া পরিবারের অন্য সদস্যদের জন্য টিকিট কিনলে, টিকিট কেনার সময় অবশ্যই সেই সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করতে হবে।
ঈদ শেষে কর্মমুখী মানুষের ট্রেনে ফেরা নিশ্চিত করতে স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরটিভি/এআর