বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৭:৪৯ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরাশক্তির নানা চাপ ও নির্যাতনের মুখে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। অনেক ত্যাগ-তীতিক্ষার পর আজকে গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি।
বিগত দিনের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ দিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্র সমূহ পরাশক্তির নির্যাতনের কারণে পিষ্ট। মুসলমানদের বিরুদ্ধে আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে।
ঈদের নামাজ শেষে স্পিকার তার নির্বাচনি এলাকার রাজনৈতিক দলের নেতারা, সাধারণ জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর